আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা

যুক্তরাষ্ট্র, ৩ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র শীতের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েভ এবং বিভিন্ন শহরে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন। ক্রেমলিন জানিয়েছিল এই যুদ্ধবিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে তবে তাপমাত্রার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। অন্যদিকে ইউক্রেনের দাবি মস্কো যুদ্ধবিরতির মধ্যেও তাদের হামলা অব্যাহত রেখেছিল। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান প্রচণ্ড শীতের মধ্যে রাতে কিয়েভে আরেকটি বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী।

তিনি রাজধানীর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানান এবং পরবর্তীতে আরেকটি পোস্টে হামলায় দু’জন আহত হওয়ার খবর নিশ্চিত করেন। এছাড়া আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও রুশ গোলাবর্ষণে দুইজন আহত হয়েছেন। তিনি টেলিগ্রামে উল্লেখ করেন কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় মূলত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করে ফেলা।

হামলার রাতে কিয়েভে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে এবং খারকিভে তা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হতে চলেছে। এর মধ্যেই বুধবার আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভূখণ্ড ইস্যুতে এখনো বড় ধরনের অচলাবস্থা বিরাজ করছে এবং কোনো পক্ষই আপসের ইঙ্গিত দেয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় কিন্তু কিয়েভ তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language