চোরাই পথে ভোট চুরির চেষ্টা প্রতিহত করতে পাহারাদারির নির্দেশ জামায়াত আমিরের

কিশোরগঞ্জ, ৩ ফেব্রুয়ারি – চোরাই পথে ভোট চুরির সব রকমের অপচেষ্টা প্রতিহত করতে দলীয় কর্মী ও সমর্থকদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
তিনি বলেন এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে যেন চোরাই পথে কোনো ভোট চোর ঢুকতে না পারে এবং কালো টাকা দিয়ে কেউ যেন সাধারণ মানুষের ঈমান ক্রয় করতে না পারে। শফিকুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে দেশে আর চোরাই পথে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এবং এই ধরনের সব অলিগলি এখন থেকে বন্ধ করে দেওয়া হবে।
তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যিনিই নির্বাচিত হবেন জামায়াত তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন কোনো দুর্বৃত্ত এখন আর কারও ভোটে হাত দেওয়ার সাহস পাবে না। তিনি প্রশাসনকে দক্ষতা নিরপেক্ষতা সততা ও সাহসিকতার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করার অনুরোধ জানান। তিনি আরও বলেন নির্বাচিত হলে কাউকে দুর্নীতির পথে পা বাড়াতে দেওয়া হবে না এবং বাংলাদেশে কোনো প্রকার মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন বিদেশের সব বন্ধু রাষ্ট্রের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখা হবে কিন্তু কাউকেই প্রভু হিসেবে মেনে নেওয়া হবে না। এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন মা ও বোনেরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে পূর্ণ নিরাপত্তা পাবেন যা নিশ্চিত করতে দল বদ্ধপরিকর। জনসভায় শফিকুর রহমান কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।
এস এ এস/ ৩ ফেব্রুয়ারি ২০২৬









