উত্তর আমেরিকাদক্ষিণ এশিয়া

ভারতীয় পণ্যের শুল্ক ২৫ থেকে ১৮ শতাংশে নামানোর ঘোষণা, ট্রাম্পকে ধন্যবাদ মোদীর

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী, ভারতীয় পণ্যের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছিল, সেটি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে—সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি। এতে ধারণা করা হচ্ছে, গত বছরের ২৭ আগস্ট থেকে কার্যকর থাকা ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট ৫০ শতাংশ শুল্ক কমে এখন প্রায় ৪৩ শতাংশে নেমে আসছে।

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর শুল্ক কমানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, আজ তার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে—এ খবর জেনে তিনি খুশি হয়েছেন। এই গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

আরও একটি পোস্টে মোদী লেখেন, দুটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হয়। এতে পারস্পরিক সহযোগিতার অনেক সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য তার উদ্যোগকে ভারত সম্পূর্ণ সমর্থন করে। দুই দেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা পরে আরও বাড়ানো হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছিল।

এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language