জাতীয়

দেবিদ্বারে হাসনাতের নির্বাচনি ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা

কুমিল্লা, ৩ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার ও বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ওই এলাকায় সড়কের ওপর হাসনাত আব্দুল্লাহর শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানার টাঙানো ছিল। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এসব ব্যানারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। শুধু ওই একটি স্থানেই নয়, একই সময়ে আরও কয়েকটি জায়গায় তার নির্বাচনি প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের প্রার্থীর একাধিক ব্যানার পুড়িয়ে দিয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নির্বাচনি ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language