সকালের পর বিকেলেও কমলো সোনার দাম

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – সোনার বাজারে অস্থিরতা এখনো কাটেনি। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। এই অবস্থার মধ্যে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালেই দাম কমানোর পর বিকেলেও বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় নেমেছে।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে।
সকাল ও বিকেলে দাম কমার কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ঢাকা পোস্টকে বলেন, গতকাল আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল। চাহিদা কম থাকায় গতকাল রাতে দাম কমানো হয়েছে। এরপর আজ আন্তর্জাতিক বাজার চালুর সঙ্গে সঙ্গে প্রতি আউন্সে প্রায় ২০০ ডলারের মতো দরপতন হয়েছে। বাজার পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনা করে বৈঠক করে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।
এদিকে, রোববার আন্তর্জাতিক বাজারে সোনার লেনদেন বন্ধ ছিল। সোমবার বাজার চালু হতেই বড় দরপতন দেখা গেছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৭৬৫ ডলারে নেমেছে। শনিবার লেনদেন শেষে যা ছিল ৪ হাজার ৮৯৩ ডলার। তার আগে শুক্রবার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
সোমবার সকালে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬









