জাতীয়

রাজনীতির নামে মানুষ হত্যাকে আমরা ঘৃণা করি: ডা. শফিকুর রহমান

শেরপুর, ১ ফেব্রুয়ারি – রাজনীতির নামে মানুষ হত্যা করা হলে সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন একটি দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র সতেরো মাসেই নিজেদের দুই শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এমন রাজনীতি আমরা চাই না।

রোববার শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে তুচ্ছ কোনো বিষয়কে কেন্দ্র করে হানাহানি হবে না এবং নোংরা রাজনীতি বা মানুষে মানুষে বিভেদ থাকবে না। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

বক্তব্যের শুরুতে তিনি অভিযোগ করেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে একজন বিশিষ্ট শিক্ষক ও শ্রীবরদী উপজেলার সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জন্য এটি কোনো সমাধান নয় কারণ তারা নিজেদের দলের দুই শতাধিক মানুষকেও বিদায় করে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে খুন করে তা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না।

তিনি দাবি করেন আল্লাহ তায়ালা ৫ আগস্ট দেশে একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। জামায়াতকে দেশের সবচেয়ে নির্যাতিত দল উল্লেখ করে তিনি বলেন একের পর এক মিথ্যা মামলায় দলের ১১ জন শীর্ষ নেতাকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য এবং ক্ষমতার জন্য নয় বলে মন্তব্য করে তিনি বলেন ক্ষমতার লড়াইয়ে নিজের দলের লোকদেরই হত্যা করা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।

জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. ছামিউল ফারুকী। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language