নারীদের অধিকার ও ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করলেন আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ০১ ফেব্রুয়ারি – সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতের ইশতেহার শুরু থেকেই স্পষ্ট। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় এবং সম্মানজনক ভূমিকা পালন করুক।
তিনি জানান, দলের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা নিশ্চিত করা, নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্নের সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।
জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষেও দল স্পষ্ট অবস্থান নিয়েছে।
তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন কিছু নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতির কথা বলেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ সেগুলো আবারও তুলে ধরেছেন। তার ভাষায়, এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের কারণে নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক চিন্তাভাবনারই প্রতিফলন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামীকে তাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত, মিথ্যা বয়ানের মাধ্যমে নয়।
এ সময় তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করা হবে। তিনি বলেন, সেখানে সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।
এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬









