জাতীয়

স্বৈরাচারের দোসর ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

সিরাজগঞ্জ, ৩১ জানুয়ারি – বিগত দেড় দশক ধরে যারা গোপনে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেছে, সেই ষড়যন্ত্রকারী চক্র সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন যে যারা দীর্ঘ সময় স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করেছে, তারা এখন ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করার পায়তারা করছে। এই অপশক্তিকে রুখে দিতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান জনগণের উদ্দেশ্যে বলেন যে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তারা মূলত গোপন ষড়যন্ত্রকারী কারণ গত ১৬ বছর তাদের রাজপথে দেখা যায়নি। ৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচারের সাথে এরা তলে তলে মিশে ছিল।

তিনি ভোট ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে দৃষ্টিশক্তি হারানো মেরি এবং গত দেড় দশকে গুম ও খুনের শিকার পরিবারগুলোর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন যে ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা ২০২৪ সালে রক্ষা করা হয়েছে এবং এখন তা অর্থবহ করে তোলার সময় এসেছে।

জনসভায় বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন যে দল ক্ষমতায় গেলে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার কথাও বলেন তিনি। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান।

বিকেল থেকেই সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে আসা লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language