ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ঢাকা, ৩১ জানুয়ারি – রাজধানী ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
অন্যদিকে সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা ভোরের দিকে দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬









