এশিয়া

মালয়েশিয়ায় ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি স্বাস্থ্য স্ক্রিনিং

কুয়ালালামপুর, ৩০ জানুয়ারি – মালয়েশিয়া নিপাহ ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধে ভারত ও বাংলাদেশসহ উচ্চঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নজরদারি শুরু করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করতে থার্মাল স্ক্যানিং চালু রয়েছে, যাতে জ্বর বা অন্যান্য প্রাথমিক উপসর্গ শনাক্ত করা যায়।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমাদ বলেন, ভারত ও বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে, কারণ এই দেশগুলো ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। স্ক্রিনিংয়ের সময় কোনো উপসর্গ ধরা পড়লে যাত্রীদের আরও বিস্তারিত পরীক্ষা করা হবে। তবে তাদের জন্য কোনো আলাদা রুট রাখা হয়নি। তিনি বলেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সব প্রবেশপথে স্ক্রিনিং অব্যাহত রয়েছে।

কুয়ালালামপুরে আরএইচবি-আইজেএন হার্ট হেলথ স্ক্রিনিং মোবাইল ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড. জুলকেফলি এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএইচবি ব্যাংকিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও দাতুক মোহদ রাশিদ মোহাম্মদ এবং ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর দাতুক সেরি ড. মোহাম্মদ এজানি মোহদ তাইব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে স্ক্রিনিং ব্যবস্থা সমন্বয় করা হচ্ছে, যা অন্যান্য দেশের পদ্ধতির সঙ্গে মিল রয়েছে। মালয়েশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে, যাতে আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যায়।

ড. জুলকেফলি আরও জানান, আরএইচবি ও ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি মোবাইল ইউনিটের মাধ্যমে প্রাথমিকভাবে হৃদরোগ শনাক্তকরণের সেবা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে আরএইচবি নতুন ভলভো প্রাইম মুভার সরবরাহ করেছে, আর আইজেএন দিয়েছে অত্যাধুনিক হৃদরোগ নির্ণয় সরঞ্জামে সজ্জিত স্ক্রিনিং ট্রেইলার।

ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি সুবিধা এখন বিনামূল্যে দূরবর্তী অঞ্চলের মানুষও পাবেন, যারা বিশেষায়িত হাসপাতালে যেতে পারতেন না। তিনবছর মেয়াদি এই অংশীদারিত্বের আওতায় মোবাইল ইউনিট প্রতিবছর কমপক্ষে ১২টি স্থানে সেবা দেবে এবং ৪ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন, বলেন মন্ত্রী।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language