চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগে বাধা নেই, হাইকোর্টে রুল খারিজ

ঢাকা, ২৯ জানুয়ারি – চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এই আদেশের ফলে এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে গত ৪ ডিসেম্বর এ বিষয়ে জারি করা রুলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিলেন। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াটি অবৈধ ঘোষণা করলেও কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে প্রক্রিয়াটিকে বৈধ বলেছিলেন। নিয়ম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।
গত ২৫ নভেম্বর এই রুলের শুনানি শেষ হয় এবং বৃহস্পতিবার রায় দেওয়া হলো।
উল্লেখ্য যে এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি দায়ের করেছিলেন যেখানে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছিল। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশনা চেয়ে এই রিট করা হয়েছিল যা অবশেষে খারিজ হলো।
এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬









