জাতীয়

অতীতের যেকোনো সময়ের চেয়ে ভোটের পরিবেশ চমৎকার

ঢাকা, ২৮ জানুয়ারি – অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার ও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা কাজ করলেও নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো শঙ্কা দেখছে না। বরং সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশেই নির্বাচনী প্রচারণা চলছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারদের কোনোভাবেই কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করার সুযোগ নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। আইনি বাধ্যবাধকতা মেনে তারা কেবল সাধারণ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে পারবেন। তবে কোনো সরকারি কর্মকর্তা যদি বিশেষ কোনো পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেন, সেটি সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের কাজ করে যাচ্ছে।

নির্বাচনী মাঠে প্রার্থীদের ওপর হামলা ও সহিংসতার শঙ্কা বিষয়ক এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, রাজনৈতিক দলগুলো শঙ্কা প্রকাশ করলেও আমরা মাঠপর্যায়ের খবর এবং পরিদর্শন শেষে আশাব্যঞ্জক পরিস্থিতি দেখতে পাচ্ছি। ছোট কিংবা বড়, সব দলই আমাদের কাছে তাদের অভিযোগ বা পরামর্শ নিয়ে আসছে এবং আমরা সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি বিএনসিসিকেও মাঠে নামানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই সময়ে ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর বিপরীতে ৯৪টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এবার প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা জমা দিয়েছেন, যার ফলে নির্বাচনী মাঠের পরিবেশ অতীতে দেখা যাওয়া পরিস্থিতির চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন রয়েছে।

ভোটের ফলাফল প্রকাশের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, তাই ফলাফল চূড়ান্ত করতে কিছুটা সময় লাগতে পারে। তবে আশা করা যাচ্ছে, অধিকাংশ আসনের ফলাফল ভোটের দিন মধ্যরাত বা শেষ রাতের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি জানান, মাঠপর্যায় থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ চলছে এবং কতগুলো কেন্দ্রে স্থানীয়ভাবে সিসিটিভি স্থাপন সম্ভব হয়েছে তা পরবর্তীতে জানানো হবে।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language