জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

ঢাকা, ২৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন (ইসি) বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে প্রায় ৫০০ জন প্রতিনিধি থাকবেন।

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই চূড়ান্ত তথ্য জানানো হয়েছে।

ইসির তথ্যানুযায়ী, ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয় পর্যবেক্ষকের হিসাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যবেক্ষকের হিসাবে ৪৭ হাজার ৪৫৭ জন চেয়েছে। কেন্দ্রীয়ভাবে চাহিদা দেওয়া পর্যবেক্ষকরা নিজেদের এলাকার ভোটার থাকা আসনগুলো বাদ দিয়ে অন্য এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে পারবেন, জানায় ইসি।

এর আগে রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহও পর্যবেক্ষকের সংখ্যা তুলে ধরেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটাররা ব্যালট পেপারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের রায় প্রদান করবেন।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language