নিউইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর কৌশলী হয়ে উঠলেন মামদানি

অ্যালবানি, ২৫ জানুয়ারি – নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে ৩৪ বছর বয়সি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি বেশ সতর্ক ও পরিমিত মেজাজে সময় কাটাচ্ছেন।
নির্বাচনী প্রচারের সময় তিনি কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত ছিলেন, তবে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে তাকে অনেক ক্ষেত্রেই কৌশলী ও আপসকামী অবস্থায় দেখা যাচ্ছে।
জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর তিনি গ্রাসি ম্যানশনে উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন। আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌচাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি।
নিউইয়র্ক সিটির বর্তমান অর্থবছরে ২ বিলিয়ন ডলার এবং আগামী বছরে ১০ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিতে কিছুটা ছাড় দিতে হতে পারে।
রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে। অতীতে নিউইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও মামদানি সেই পথ মাড়াননি। বিশেষ করে শিশুদের জন্য ‘ইউনিভার্সাল চাইল্ড কেয়ার’ নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ এবং পরবর্তী সময়ে যোগাযোগ বজায় রাখাও রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করেছে। তবে মামদানি এখনও তার মূল প্রতিশ্রুতি, অর্থাৎ ধনীদের ওপর কর বাড়ানোর দাবিতে অটল রয়েছেন।
পুলিশি কার্যক্রম ও ধর্মীয় সংবেদনশীলতার বিষয়েও তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। অতীতে নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কড়া সমালোচক হলেও মেয়র হওয়ার পর তিনি পুলিশ কমিশনার জেসিকা টিশকে স্বপদে রেখেছেন এবং সাম্প্রতিক কিছু পুলিশি কার্যক্রমের প্রশংসা করেছেন।
এদিকে ইসরাইল-ফিলিস্তিন ইস্যু এবং অ্যান্টিসেমিটিজম (ইহুদিবিদ্বেষ) নিয়ে তার কিছু সিদ্ধান্ত ও প্রাথমিক নীরবতা নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও পরবর্তীতে তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। বিশ্লেষকদের মতে, মামদানি খুব দ্রুত ভুল সংশোধন করে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন, যা একজন নতুন মেয়র হিসেবে তার পরিণত কৌশলের প্রমাণ।
এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬









