তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের

ঢাকা, ২৪ জানুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও তারেক রহমান মধ্যরাতেও মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান আসিফ মাহমুদ।
তিনি আরও বলেন, বিএনপি অন্য প্রার্থীদেরও এ ধরনের নিয়ম ভঙ্গ করতে উৎসাহিত করছে। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করছে। এবারের নির্বাচনেও আগের মতো সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করবে বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা উদ্বেগজনক। এছাড়া সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে।
আসিফ মাহমুদ বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে। যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন ও প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। তিনি বলেন, বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের প্রতি ঝুঁকে গেছে, যা বড় ধরনের শঙ্কার বিষয়।
তিনি সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









