হাসিনা আপা পালালেও যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবো না

ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি – বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আগের রাতেই ভোট হয়ে যেত। এখন জনগণের সামনে একটি নতুন সুযোগ এসেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে গেলেন কেন? আমরা স্পষ্ট করে বলতে চাই—আপনারা বিপদে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে। আর যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।”
তিনি আরও বলেন, “আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। এই এলাকা থেকে নির্বাচন করে কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু হারলেও আপনাদের ছেড়ে যাইনি। আমার বয়স ৭৮ হলেও মনের দিক থেকে এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার সমস্যাগুলো সমাধান করতে পারব।”
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, “আমরা মুসলমান-হিন্দু সবাই একসঙ্গে এই এলাকায় বসবাস করি। একে অপরের উৎসব-অনুষ্ঠানে অংশ নিই। কেউ কেউ আমাদের ভাগ করতে চায়, কিন্তু আমরা সেই বিভাজন চাই না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে দেশ গড়তে চাই, সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।”
বিএনপি মহাসচিব বলেন, “এখন আবার একটি দল আসছে—জামায়াত। তারা আগে কখনো ক্ষমতায় এসে জনগণের জন্য কী করেছে? কাজ করেছে বিএনপিই। বিএনপি একটি পরীক্ষিত দল। আমরা নতুন স্কুল, রাস্তা, হাসপাতাল গড়তে চাই। তরুণদের চাকরির ব্যবস্থা করতে চাই।”
তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই।
এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬









