জাতীয়
ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজন আটক

ঢাকা, ২৩ জানুয়ারি – ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর চকবাজার থানার আমির আনিসুর রহমান। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জামায়াতে ইসলামী সূত্র জানায়, বৃহস্পতিবার হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ চলাকালে অস্ত্রসহ ওই দুইজনকে আটক করা হয়। এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং দেওয়া হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার আমির আনিসুর রহমান বলেন, আটক দুইজনের একজনের গায়ে আওয়ামী লীগের একটি দলীয় টি-শার্ট ছিল এবং অন্যজন পাঞ্জাবি পরা অবস্থায় ছিলেন। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে আছেন বলেও তিনি জানান।
এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬









