ব্যবসা

একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড

ঢাকা, ২০ জানুয়ারি – একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ১৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা ছিল। নতুন দাম ২০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

এ বছর দেশের বাজারে সোনার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৭ বার দাম বেড়েছে এবং ২ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৯ বার কমানো হয়েছে।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language