২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি প্রায় ৪৬ হাজার কোটি টাকা

ঢাকা, ২০ জানুয়ারি – চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ঘাটতি প্রায় ৪৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে। নভেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল ২৪ হাজার ৪৭ কোটি ৫৫ লাখ টাকা।
ফলে বড় ঘাটতির মুখে পড়েছে এনবিআর। তবে প্রথম ছয় মাসে এনবিআর ১৪.২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত ছয় মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি ৩৭ লাখ টাকা। এতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি ৩৭ লাখ টাকা। একই সময়ে গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরের রাজস্ব আদায় ছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি ১২ লাখ টাকা।
পরিসংখ্যান বিভাগ জানায়, আয়কর খাত থেকে এই সময়কালে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি ২০ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি ৫২ লাখ টাকা। ফলে আয়করে ঘাটতি হয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি ২৫ লাখ টাকা।
শুল্ক বা কাস্টমস খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৫ হাজার কোটি ৮৫ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ১৪০ কোটি ২৯ লাখ টাকা।
ভ্যাট থেকে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি ২৪ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ফলে ভ্যাটে ঘাটতি হয়েছে ১০ হাজার ৩০৫ কোটি ৭৬ লাখ টাকা। এ সময় শুল্ক, আয়কর ও ভ্যাট থেকে যথাক্রমে প্রবৃদ্ধির হার হয়েছে ৬.৮১ শতাংশ, ১৪.৬৭ শতাংশ ও ১৯.৯৭ শতাংশ।
একক মাস হিসেবেও ডিসেম্বর মাসে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। এ মাসে নির্ধারিত ৫১ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯০ কোটি ৫ লাখ টাকা। ডিসেম্বরে শুল্ক থেকে আদায় হয়েছে ৯ হাজার ৯৫০ কোটি টাকা, ভ্যাট থেকে ১২ হাজার ২৬১ কোটি টাকা এবং আয়কর থেকে ১৩ হাজার ৯৮৪ কোটি টাকা। ডিসেম্বরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০.২৫ শতাংশ।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি এটি বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে।
এনএন/ ২০ জানুয়ারি ২০২৬









