জাতীয়

তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৮ জানুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে এই সাক্ষাৎ হয়। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবং কবিরা একটি কবিতা একাডেমি গঠনের বিষয়েও কথা বলেন।

সাক্ষাতে উপস্থিত কবি ও লেখকদের মধ্যে ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, কবি মতিন বৈরাগী, লেখক আবু সাইদ খান, কবি সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি নুরুন্নবী সোহেল, লেখক শিমুল পারভীন, শাহীন চৌধুরী, ইউসুফ রেজা, জামসেদ ওয়াজেদসহ আরও অনেকে।

এ সময় তারেক রহমান বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, কবি ও সাহিত্যিকরা সমাজের সচেতন অংশ, তাই তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে কবিরা কাজ করবেন। তিনি বলেন, গণতন্ত্রের বিকাশে কবিরাই স্বপ্নদ্রষ্টার ভূমিকা পালন করে থাকেন।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, কবিতা মানুষের জীবনের জন্য। তিনি বলেন, জাতীয় কবিতা পরিষদের জন্ম হয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এবং তারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গেই থাকবেন।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language