শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা, ১১ জানুয়ারি – শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের নির্বাচনি বা অন্যান্য সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী বা তাদের সমর্থকেরা সেমিনার, সংবর্ধনা বা যুবসমাবেশের নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনি প্রচারণা চালানোর চেষ্টা করছেন।
চিঠিতে আরও বলা হয়, এসব কর্মসূচির ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও হলরুম ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে এসব স্থাপনা ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না—এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬









