জাতীয়

আসন্ন গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা

ঢাকা, ১১ জানুয়ারি – আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি ও কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার ইসির উপসচিব মো. মনির হোসেন সভার বিজ্ঞপ্তি জারি করেন।

সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের মহাপরিচালকরা। এছাড়া উপস্থিত রয়েছেন আনসার ও ভিডিপি, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি–সহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোটের সময় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করাই এই সভার মূল উদ্দেশ্য। একই সঙ্গে গোয়েন্দা তথ্য আদান–প্রদান ও ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language