ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ

ঢাকা, ০৯ জানুয়ারি – ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ সরকার। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটি ডেপুটি হাইকমিশন থেকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তা কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় নাগরিকদের জন্য শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা দেওয়া হবে; পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা আপাতত ইস্যু করা হবে না।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এর জেরে ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।
পরবর্তীতে ভিসা সেন্টারগুলো আংশিকভাবে চালু করা হলেও মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্য ভিসা ইস্যু বন্ধ রাখে ভারতীয় কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশও ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









