উত্তর আমেরিকা

ভেনেজুয়েলার পর মেক্সিকো, কলম্বিয়া ও কিউবাকেও হুমকি দিলেন ট্রাম্প

ওয়াশিংটন, ০৫ জানুয়ারি – ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের ঘটনার পর লাতিন আমেরিকার আরও তিনটি দেশকে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলো হলো মেক্সিকো, কলম্বিয়া ও কিউবা।

শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের শয়নকক্ষ থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে তুলে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন।

মাদুরো দম্পতিকে যুক্তরাষ্ট্রে আনার কয়েক ঘণ্টা পর টেলিফোনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার পর মেক্সিকো, কলম্বিয়া ও কিউবায়ও সামরিক অভিযান চালাতে পারে মার্কিন বাহিনী। এ সময় তিনি প্রথমে কলম্বিয়ার নাম উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “মাদুরো একজন মাদক সন্ত্রাসী। একই অভিযোগ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা শুনেছি, প্রেসিডেন্ট পেত্রোর কোকেনের কারখানা আছে, যেখানে যুক্তরাষ্ট্রে পাচারের জন্য কোকেন উৎপাদন করা হয়। এখন তার উচিত নিজের পশ্চাদ্দেশের দিকে তাকানো।”

কিউবার বিষয়ে ট্রাম্প বলেন, কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে সহযোগিতা করতে চায়। তিনি বলেন, “কিউবায় এমন কিছু ঘটতে যাচ্ছে, যার পরিণতি হবে সংলাপে। কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র এবং সেখানে যুক্তরাষ্ট্র এমন কিছু করবে, যা শেষ পর্যন্ত সেখানকার মানুষের উপকারে আসবে। এটাকে এভাবেও বলা যায় যে যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে সহযোগিতা করতে চায়। যারা কিউবা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে এবং যারা এখনো সেখানে বাধ্য হয়ে বসবাস করছে— আমরা তাদের সাহায্য করতে চাই।”

মেক্সিকো নিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত অপরাধী গ্যাংগুলোর মূল ঘাঁটি মেক্সিকোতে এবং কার্যত দেশটি এসব গ্যাংয়ের নিয়ন্ত্রণে রয়েছে। তার দাবি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম এসব গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পান।

ট্রাম্প বলেন, “এই গ্যাংগুলো পুরো মেক্সিকো চালাচ্ছে। কিন্তু প্রেসিডেন্ট শিনবাউম তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পান। আমি তাকে কয়েকবার জিজ্ঞেস করেছি, ‘আপনি কি আমাদের এই গ্যাংগুলো দমনের দায়িত্ব দেবেন?’ প্রতিবারই তিনি বলেছেন, ‘না, না, না জনাব প্রেসিডেন্ট, দয়া করে এমন করবেন না।’”

এদিকে ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভেনেজুয়েলায় সামরিক অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো, কিউবা ও কলম্বিয়া। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল একসময় শান্তির এলাকা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে চাইছেন।”

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, “ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান ছিল কাপুরুষোচিত, অপরাধমূলক এবং বিশ্বাসঘাতকতামূলক।”

অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, “ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে কলম্বিয়া। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language