তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

পঞ্চগড়, ০৭ ডিসেম্বর – উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে মানুষের জনজীবন। গত কয়েকদিন ধরে অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসে স্থির হয়ে আছে, ফলে বাড়ছে শীতের তীব্রতা।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে।
আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার এ পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে। ভোর থেকেই জেলায় ছিল হালকা কুয়াশা। তবে কিছুক্ষণ পর সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৪ শতাংশ আর্দ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।
হিমালয়ের নিকটবর্তী হওয়ায় কয়েকদিন ধরেই তেঁতুলিয়া ও আশপাশে বইছে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নেমে আসা শীতল হাওয়া। সকালে রোদের দেখা মিললেও তার উষ্ণতায় মানুষের শরীর গরম হচ্ছে না। রাত ও সকাল বেলায় শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে। ফলে গ্রামাঞ্চলের মানুষজন আগেভাগেই বের করছেন গরম কাপড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ শীতের আচমকা তীব্রতায় ভোগান্তিতে পড়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।
তিনি আরও বলেন, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।
সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫









