জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

ঢাকা, ২৩ নভেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনের বিপরীতে ১৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে এই স্লোগানকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়ের আয়োজন করেছে। আজ সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠান শেষ হবে আগামী ২৪ নভেম্বর। রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ- এসব বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন, ঢাকা বিভাগের সাংগঠনকি সম্পাদক সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগের মো. আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, রংপুর বিভাগের ড. আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগের ইমরান ইমন, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দীন ও বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৩ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language