ফুটবল

মায়ামির সঙ্গে মেসির নতুন চুক্তি, থাকবেন ২০২৮ সাল পর্যন্ত

বুয়েনোস আইরেস, ২৪ অক্টোবর – সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। এর মাঝেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের জনপ্রিয় ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে মায়ামি।

ক্লাবটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দলটির নতুন নির্মাণাধীন স্টেডিয়ামের ভেতর বসে চুক্তিতে সই করছেন মেসি। পোস্টের ক্যাপশনে লেখা ‘সে (মেসি) ঘরে ফিরেছে।’

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেন মেসি। আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর। এর আগে চুক্তি নবায়ন করলেন মেসি।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন তিনি। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী মেসি। লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি।

সব মিলিয়ে তার গোল অবদান ৪৮টি। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে মেসি। শনিবার ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language