জাতীয়

ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর – বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ কয়েক ধরনের ভিসা চালু রয়েছে। তবে দেশের পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে সব ধরনের ভারতীয় ভিসা চালু করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুর্গাপূজার মতো উৎসব এ সম্পর্ককে আরও মজবুত করে।

ভারতের এই শীর্ষ কূটনীতিক কুমুদিনীতে অনুষ্ঠিত সপ্তমী পূজায় অংশ নেন এবং সবার প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং ভারত ও বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্দান্ত মিলনমেলা। দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি।

প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেন এবং বজরা নৌকায় করে লৌহজং নদ পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।

এর আগে এই পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। তারাও পূজামণ্ডপে আরতিতে অংশগ্রহণ করেন এবং পূজার আয়োজনের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত মার্চে বলেছিলেন, “ভারত যেকোনো কারণে হোক, তাদের ভিসাতো সার্বভৌম অধিকার, কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। এটা তাদের সিদ্ধান্ত।

“আমরা আশা করব, তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে।”

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language