মৌলভীবাজার

এবার মৌলভীবাজার সীমান্তে নারী, শিশুসহ ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার, ১৪ মে – মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ আরো ৪৪ জনকে পুশ-ইন করেছে (ঠেলে দেওয়া) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) ভোরে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। এ সময় বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে।

এর আগে, গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ পুশ-ইন করলে বিজিবি ৫৯ জনকে আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বড়লেখা থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশ-ইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে বিজিবি।

কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, শিশুসহ ৪৪ জনকে পুশ-ইন করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বিজিবিকে জানায়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ১৩ শিশু রয়েছে।

আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরো মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বুধবার বিকেলে বলেন, আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language