গাজায় নৃশংস হামলা অব্যাহত, এক দিনে নিহত আরও ৩১ ফিলিস্তিনি

জেরুজালেম, ০২ মে – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।
শুক্রবার (২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার দিনজুড়ে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং শুক্রবার ভোরেও ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে।
গাজায় আল জাজিরার সংবাদদাতা ইসরায়েলের ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণকে “ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ” করা হিসাবে বর্ণনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধের মূল লক্ষ্য ইসরায়েলের বন্দিদের নিরাপদে প্রত্যাবর্তন নয় বরং আমাদের শত্রুদের ওপর বিজয় লাভ করা।
গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আক্রমণে আহত হওয়া আরও ৭৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় শান্তি বজায় ছিল কিন্তু মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০২ মে ২০২৫









