ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ঢাকা, ১৪ জানুয়ারি- যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আইন অনুসারে নির্দিষ্ট (সংরক্ষিত) কামরা বরাদ্দ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী মো.আজমল হোসেন।
আইনজীবী মমতাজ পারভীন ১৩ জানুয়ারি এ রিট দায়ের করেন।
আরও পড়ুন : জন্ম নিবন্ধনে আঙুলের ছাপ কেন নয়: হাই কোর্ট
আইনজীবী মো. আজমল হোসেন জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ সনের আইনের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে। আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়।
কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি। তাই ওইসব ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।
রিটে রেলসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/১৪ জানুয়ারি









