আইন-আদালত

মিথ্যা মামলা, আমি কষ্টে আছি ন্যায় বিচার করুন: সাঈদী

নাঈম মিয়া

ঢাকা, ১২ জানুয়ারি- অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদীর উপস্থিতিতে সোমবার ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠন হয়।

আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের অনুমতি নিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, এটি একটি মিথ্যা মামলা। আল্লাহর কোনো ভয় নেই। তাদের বিচার হবে। জাহান্নামে যেতে হবে। আমি খুবই কষ্টে আছি। আমার হার্টে পাঁচটি রিং পরানো। ৪০ বছর ডায়াবেটিসে আক্রান্ত। ন্যায় বিচার করুণ। তা না হলে জাহান্নামে যেতেই হবে। মাওলানা সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন জানান, আদালতের আনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে মাওলানা সাঈদী আইনজীবী ও পুলিশের উপস্থিতিতে এসব কথা বলেন।

আরও পড়ুন :   পিকে হালদার ইস্যুতে একাত্তর টিভির বক্তব্য শুনবে হাইকোর্ট

মামলার অপর ৫ আসামি হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

এর আগে ২৮ ডিসেম্বর বিচারক মামলাটির চার্জ শুনানির জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন। আসামিদের মধ্যে সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ ও আবদুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে রয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেফতার হন। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/১২ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language