
ঢাকা, ২ জানুয়ারি- মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২ জানুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ সকাল সাড়ে ৮টায় সেগুনবাগিচার মহিলা পরিষদ কার্যালয়ে নেয়া হবে। এরপর নেত্রকোণায় নিজ গ্রামে দাফন করা হবে।
আরো পড়ুন: করোনা আক্রান্ত বিএসএমএমইউ সাবেক উপাচার্য সস্ত্রীক হাসপাতালে ভর্তি
মুক্তিযোদ্ধা আয়েশা খানমের জন্ম নেত্রকোনা ও দুর্গাপুরের মাঝখানে গাবড়াগাতি গ্রামে ১৯৪৭ সালের ১৮ অক্টোবর। দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধে সব সময় সোচ্চার ছিলেন আয়েশা খানম। ছাত্রনেতা থেকে নারী নেত্রী হয়ে উঠেছিলেন তিনি। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন ১৯৬৬ র ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের অসহযোগ আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধের পথে এগিয়ে যেতে যেসব আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়েছিল সেসবগুলোতেই তিনি সামনের সারিতে ছিলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি।
এছাড়া রোকেয়া হলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ একাত্তরের উত্তাল দিনগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রনেতা মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাদেরই একজন ছিলেন আয়েশা। আগরতলায় গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাও দিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধা।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/২ জানুয়ারি









