খুলনা

ফেসবুকের ‘কমেন্ট’ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত যুবক

যশোর, ২৮ ফেব্রুয়ারি – যশোরে ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে দ্বন্দ্বে আকাশ হোসেন (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের বটতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আকাশ হোসেন ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোরের কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

আকাশের পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভীরের সঙ্গে আকাশের অনেক দিন ধরেই বিরোধ চলছিল। এ নিয়ে তানভীর তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন বলে আকাশের পরিবার দাবি করছে।

এ বিষয়ে আকাশের স্ত্রী জানান, মঙ্গলবার মধ্যরাতে তাকে ফোন করে ডেকে নিয়ে যায় একই এলাকার সাব্বির ও তানভীর। তাদের সহযোগীরা বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান আকাশকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এ প্রসঙ্গে ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language