সিলেটের সব আসনেই জয়ী হবে আ.লীগ

সিলেট, ২৪ ডিসেম্বর – পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচন ঘিরে সরকার কোনো চাপে নেই।’ নিজের প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই।’ সিলেটের সব আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবেন বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকায় নিজের নির্বাচনী প্রচার চালান ড. মোমেন।
নগরের সোবহানীঘাট, কাঁচাবাজার ও উপশহর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, ‘কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই। নির্বাচন ঘিরে সরকারের কোনো চাপ নেই। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছেন।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের সব আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন।
তবে কোনো নির্বাচনই সহজ নয়, সব আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে।’
জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নির্বাচনী বৈঠকে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারীবান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে গুরুদায়িত্ব নিতে হবে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নারীরা নির্বাচনে অংশ নিয়ে ভোট দেন।
তাই তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। ব্যক্তিগতভাবে কী পেলাম আর কী পেলাম না সেদিকে না তাকিয়ে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে।’
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩









