ইউরোপ

মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

ব্রাসেল্‌স, ২৮ নভেম্বর – বিশ্বকাপে মস্কোর কাছে ২-০ গোলে বেলজিয়ামের হারের পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে। কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ব্যবহার ও কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন দাঙ্গাকারী একটি গাড়ি উল্টে অগ্নিসংযোগ করেছে। বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগিয়েছে। এ ছাড়া গাড়িতে ইট ছোড়ার ঘটনাও ঘটেছে।

পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরে এর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, কিছু ভক্ত লাঠি হাতে তুলেছিলেন এবং এ সময় এক সাংবাদিক আতশবাজিতে আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ জনগণকে শহরের কেন্দ্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কিছু এলাকায় সাধারণ চলাচল ও ট্রাম যাতায়াতও বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশকে নির্দেশ দিয়েছি বিঘ্ন সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য।

খবরে বলা হয়েছে, দাঙ্গাকারীদের নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে। সহিংসতা যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য মেট্রো স্টেশনগুলো বন্ধ এবং রাস্তাগুলো ঘিরে রাখা হয়েছে। রাজধানী ছাড়াও অ্যান্টওয়ার্প শহরেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

মূলত মরক্কোর অঘটনে স্তব্ধ হয়েছে বেলজিয়াম। অনেক ভক্ত বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি।

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বেলজিয়াম। নিজেদের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই মুদ্রার উল্টো পিঠটা দেখে ফেললো কেভিন ডি ব্রুইনে-ইডেন হ্যাজার্ডরা। হলো অঘটনের শিকার। মরক্কোর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দলটি। ২-০ গোলে তারা ধরাশায়ী হলো আফ্রিকান দলটির কাছে। জার্মানি-আর্জেন্টিনার পর এবার অঘটনের শিকার হলো বেলজিয়াম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language