এশিয়া

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

কুয়ালালামপুর, ২০ অক্টোবর – মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকালে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর রয়টার্স।

গত ১০ অক্টোবর সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। ওই সময় তিনি আশা করেন, নতুন নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে৷

নির্বাচন কমিশনের প্রধান আব্দুল গনি সালেহ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রার্থীদের ৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

মালয়েশিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের নির্ধারিত সময় ছিল আগামী বছরের সেপ্টেম্বরে। সংসদ ভেঙে দেয়ায় নির্বাচন প্রায় এক বছর এগিয়ে এসেছে। কিন্তু অতি বর্ষণের ফলে মালয়েশিয়ায় সৃষ্ট বন্যার কারণে ভোটারদের চলাচল সীমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মালয়েশিয়ার ২ কোটি ১০ লাখ ভোটার ২২২ জন আইনপ্রণেতা নির্বাচনের জন্য আগামী মাসে ভোট দেবেন। আর সরকার গঠনের জন্য নির্দিষ্ট দল বা জোটকে ১১২টি আসন জিততে হবে।

সূত্র: বণিক বার্তা
আইএ/ ২০ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language