দক্ষিণ এশিয়া

আত্মহত্যা রুখতে সিলিং ফ্যানে লোহার বেড়া

নয়াদিল্লী, ০৯ অক্টোবর – রাজস্থানের কোটার একটি হোস্টেলের সিলিং ফ্যানের নীচে লোহার বেড়া দেয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। ছবিটি প্রকাশ হওয়ার পরে অনেকে দাবি করছেন আত্মহত্যা রোধ করতে এমনটা করা হয়েছে। আবার অনেকে বলছেন ফ্যান ভেঙ্গে না পড়ে সে জন্য এব্যবস্থা করা হয়েছে। সেই যুক্তিও খণ্ডন করেছেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি সিলিং ফ্যানের নীচে লোহার বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে।

কেউ কেউ দাবি করেছেন, হোস্টেলে যাতে আত্মহত্যা করতে না পারে সে জন্য এই বেড়া দেয়া হয়েছে। অনেকে আবার সেই যুক্তিকে খণ্ডন করেছেন। তাদের পাল্টা যুক্তি, সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা না হয় ঠেকানো যাবে, কিন্তু ফ্যানের নীচে লাগানো লোহার বেড়াতে কি কেউ আত্মহত্যা করতে পারবেন না? সেখানে আত্মহত্যা ঠেকানো যাবে কী করে?

আবার একাংশ হোস্টেল কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের যুক্তি, সিলিং ফ্যানে আত্মহত্যা ঠেকানোর পন্থা যদি এটি হয়, তা হলে এর থেকে খারাপ সমাধান আর কিছু হতে পারে না।

তবে নেটিজেনদের কিছু অংশ আবার দাবি করেছেন, এটি আত্মহত্যা ঠেকানোর জন্য নয়। অনেক সময় হোস্টেলের নানা রকম ভাবে ক্ষয়ক্ষতি করেন। তার মধ্যে একটি হল সিলিং ফ্যান। সেই ক্ষতি আটকাতেই এই ব্যবস্থা।

আবার কেউ কেউ দাবি করেছেন, সিলিং ফ্যান যাতে কারো মাথার উপর ভেঙে না পড়ে, সেই দুর্ঘটনা ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। এই ছবিকে ঘিরে নানা রকম মত, যুক্তির উত্থাপন হলেও, আসল কারণ কী, তা স্পষ্ট নয়। তবে বিষয়টি যে নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language