ইউরোপ

জলবায়ু সম্মেলনে যোগ দেবেন না ব্রিটিশ রাজা চার্লস

লন্ডন, ২ অক্টোবর – জলবায়ু সম্মেলনে যোগ দেবেন না ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে। গত সেপ্টেম্বর মাসে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেছেন তার বড় সন্তান চার্লস। সিংহাসনে আরোহণের আগে চার্লস আগামী জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।

আগামী নভেম্বর মাসে মিশরের শারম আল শেখে ২৭ তম জলবায়ু সম্মেলন (কপ-২৭) অনুষ্ঠিত হবে। গত বছর জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রিটেনের গ্লাসগোতে। তাতে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন রোধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন সাবেক প্রিন্স (বর্তমান রাজা) চার্লস। এ বছরও জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন তিনি। এ বিষয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পরামর্শ চেয়েছিলেন।

বিবিসি জানিয়েছে, লিজ ট্রাস তাকে জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী, চার্লসের জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া হচ্ছে না।
চার্লস বরাবরই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে সোচ্চার। এ বিষয়ে একাধিকবার নিজের মতামতও প্রকাশ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, নতুন প্রধানমন্ত্রীর এ পরামর্শ কিছুটা নাখোশ করে থাকতে পারে নতুন রাজা চার্লসকে। এ সিদ্ধান্ত দুই জনের সম্পর্কে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language