ফুটবল

মালদ্বীপের লিগে খেলতে যাচ্ছেন সাবিনা

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আজ (শুক্রবার) তিনি মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হয়েছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দেশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের এ দুই ফুটবলার মালদ্বীপে খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মূলত মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। এই ক্লাবেই আগে তিনবার খেলে এসেছেন সাবিনা।

ষষ্ঠ নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন সাবিনা খাতুন। ৮ গোল করে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঘরোয়া ফুটবলে খেলেন বসুন্ধরা কিংসে। তার সঙ্গী সুমাইয়াও একই ক্লাবের খেলোয়াড়।

সাবিনা ২০১৫ সালে প্রথম মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। পরের বছর খেলতে গিয়েছিলেন ধিবেহি সিফাইং ক্লাবে। চার ম্যাচে ৩১ গোল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন সাবিনা খাতুন।

মালদ্বীপ ছাড়াও সাবিনা খাতুন খেলেছেন ভারতের ঘরোয়া ফুটবলে। ২০১৮ সালে সেথু এফসিতে খেলে সাত ম্যাচে ৬ গোল করেছিলেন দক্ষিণ এশিয়ার গোলমেশিনখ্যাত এই নারী ফুটবলার।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language