এশিয়া

১৮৫ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নোরু’

ম্যানিলা, ২৬ সেপ্টেম্বর – ফিলিপাইনের লুজোন দ্বীপে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নরু। ওই দ্বীপে দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস।

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় নরুর ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেতে সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সময় আজ সোমবার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস।

নরুর প্রভাবে ভূমিধস, আকস্মিক বন্যা এবং বিপজ্জনক ঝড়ের সৃষ্টি হতে পারে। ঝুঁকি বিবেচনায় আট হাজার ৪০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কিছু অংশে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এক দিনের ব্যবধানে ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। আবহাওয়ার পূর্বাভাসকারী রব গিল এএফপিকে বলেছেন, এভাবে গতি বাড়ানোর বিষয়টি ‘অভূতপূর্ব’।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় নরুর কারণে পাঁচ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। নরুকে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই দেখছে দেশটি।

ফিলিপাইনের রেড ক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বিবিসিকে বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দেশের অনেক বাঁধ উপচে পড়ার উপক্রম হয়েছে। ফলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language