ইউরোপ

রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর

লন্ডন, ১১ সেপ্টেম্বর – রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে অনুষ্ঠিত হবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

এর আগে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রানির মৃতদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিন্সটার হলে নেয়া হবে। সেখানে রানির কফিন একটি উঁচু প্ল্যাটফর্মে চারদিন বিশ্রামে রাখা হবে।

ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাচীনতম অংশ ওয়েস্টমিনস্টার হল। হলের মাঝখানে উঁচু প্লাটফর্মের অবস্থান। এ চারদিন সার্বভৌম দেহরক্ষী, পদাতিক রক্ষী ও অশ্বারোহী সেনা ইউনিট চব্বিশ ঘণ্টা সেখানে পাহারা দেবে।

এর আগে রাজপরিবারের সদস্যদের মধ্যে সর্বশেষ ২০০২ সালে রানির মায়ের মৃতদেহ সেখানে রাখা হয়েছিল। দুই লাখের বেশি মানুষ তার কফিনে শ্রদ্ধা জানিয়েছিলেন। ১১ শতকের প্রাচীন সেই হলে পিতলের ফলকগুলো দেখাচ্ছে, সেখানে ১৯১০ সালে সপ্তম এডওয়ার্ড, ১৯৩৬ সালে পঞ্চম জর্জ, ১৯৫২ সালে ষষ্ঠ জর্জ এবং তার এক বছর পরে কুইন মেরিকে রাখা হয়েছিল।

১ হাজার বছরেরও বেশি পুরনো এই হলে ব্রিটেনের দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকেও ১৯৬৫ সালে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল।

অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রানির কফিন লন্ডনে নেয়ার সময় তার মেয়ে প্রিন্সেস অ্যান তার সঙ্গী হবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। পরদিন শুক্রবার থেকে সাত দিনের রাজকীয় শোক ঘোষণা করেন রাজা তৃতীয় চার্লস। রানির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ১৯ সেপ্টেম্বরও ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করা হয়েছে।

রানির মৃত্যুর পর আনুষ্ঠানিকতা কী হবে, জীবদ্দশায় সেই পরিকল্পনা তিনি নিজেই করে গেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে সেসব আনুষ্ঠানিকতার অনেক কিছুই এখনো সামনে আসেনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language