১০ সন্তান জন্ম দিলে ১০ লাখ রুবল পুরস্কার, ঘোষণা পুতিনের!

মস্কো, ১৮ আগস্ট – জনসংখ্যা কমে যাওয়ায় দেশকে ফের জনবহুল করে তুলতে বড় উদ্যোগ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নারীদের বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে সোভিয়েত আমলের একটি পুরোনো পুরস্কার পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে, ১৯৪৪ সালে সোভিয়েত রাশিয়ায় নারীদেরকে বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছিল।
গত সোমবার সেই পুরস্কারই পুনরায় চালু করার ঘোষণা দিলেন পুতিন। ১০ সন্তান জন্ম দিলে ১০ লাখ রুবল করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদকও দেওয়া হবে সেই মাকে।
এই পুরস্কার পেতে হলে দশটি সন্তানের জন্ম দিতে হবে একজন রুশ নারীকে। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরই পুরস্কারের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে। তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। অবশ্য, কোনো সন্তান যদি সন্ত্রাসী হামলা বা সশস্ত্র সংঘাত ও যুদ্ধে মারা যায় তাহলে ছাড় দেওয়া হবে।
সকল বিষয় খতিয়ে দেখে ১০ লাখ রুবল দেওয়া হবে রুশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মাদার হিরোইন।
গত আড়াই বছরের করোনা মহামারীতে রাশিয়ায় লাখ লাখ মানুষ মারা গেছে। এরপর ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অন্তত ১৫ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। আর আহত হয়েছে আরও অন্তত ৪৫ হাজার সেনা। এ ছাড়া ১৯৯০ সালের পর থেকেই রাশিয়ার জনসংখ্যা বাড়ছে না। সবমিলিয়ে ব্যাপক জনবলের সংকটে রয়েছে রাশিয়া। আর সেই সংকট কাটাতেই পুতিনের এই ঘোষণা।
সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/১৮ আগস্ট ২০২২









