দক্ষিণ এশিয়া

বিশ্ব এখন ভারতকে অন্য নজরে দেখে: মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ৭৫ বছর ধরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশ। অনেক সংঘর্ষের মধ্যদিয়ে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। বিশ্ব এখন ভারতকে অন্য নজরে দেখে।’

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে সোমবার এসব কথা বলেন নরেন্দ্র মোদি।

তিনি বলেন, আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় সংকল্প নিয়ে এগোতে হবে আমাদের। তবেই স্বপ্নপূরণ হবে।’

এই লক্ষ্য পূরণে আগামী ২৫ বছরে ‘পঞ্চপ্রাণ’ অর্থাৎ, পাঁচটি সংকল্পের কথা বলেছেন প্রধানমন্ত্রী।

‘পঞ্চ সংকল্প কী কী, সে প্রসঙ্গও স্বাধীনতা দিবসের ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামী দিনে পাঁচ বড় সংকল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সংকল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সংকল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সংকল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সংকল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সংকল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।’

প্রথম সংকল্প বিকশিত ভারতের কথা বলতে গিয়ে স্বচ্ছ ভারত অভিযান, টিকাকরণ কর্মসূচি, খোলা আকাশের নিচে মলত্যাগ বন্ধের মতো একগুচ্ছ কর্মসূচির প্রসঙ্গ উত্থাপন করেছেন মোদি।

দ্বিতীয় সংকল্প দাসত্ব থেকে মুক্তির প্রসঙ্গে জাতীয় শিক্ষা নীতির কথা উল্লেখ করেছেন।

তার কথায়, দাসত্বের মানসিকতা থেকে মুক্তির উপায় হল জাতীয় শিক্ষা নীতি। একই সঙ্গে ‘ডিজিটাল ইন্ডিয়া’র প্রশংসাও করেছেন তিনি।

তৃতীয় সংকল্প ‘উত্তরাধিকার নিয়ে গর্ব’ প্রসঙ্গে দেশের নিজস্ব ঐতিহ্য নিয়ে প্রত্যেক দেশবাসীর গর্বিত হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

চতুর্থ সংকল্প ‘ঐক্যবদ্ধ থাকা’ বোঝাতে একতায় জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি নারীদের প্রতি সম্মান, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন।

মোদির পঞ্চম সংকল্প, নাগরিকদের প্রতি কর্তব্যে অগ্রগতির পথ ত্বরান্বিত হয়।

জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর হওয়ার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র: দেশ রূপান্তর
এম ইউ/১৫ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language