চীনের কাছে জেলেনস্কির মিনতি

কিয়েভ, ০৩ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে উত্তেজনার মধ্যে কিয়েভে মস্কোর আগ্রাসনের বিষয়ে নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য চীনের প্রতি মিনতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যানবেরার আয়োজনে ২১টি বিশ্ববিদ্যালয়ে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে জেলেনস্কি এ অনুরোধ জানান। খবর আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মস্কোর আগ্রাসনে বেইজিং যেন তাকে সমর্থন না দেয়। কেননা, চীনের নিরপেক্ষ অবস্থান কিয়েভের জন্য ‘জরুরি’।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত চীন ভারসাম্য বজায় রাখছে এবং নিজের নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে। সত্যি কথা বলতে, রাশিয়ার সঙ্গে চীন যোগ দেওয়ার চেয়ে এ নিরপেক্ষ অবস্থান ভালো।’
জেলেনস্কি বলেন, ‘আমাদের জন্য জরুরি যে, চীন রাশিয়াকে সহযোগিতা করবে না।’
যদিও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এর নিন্দা জানায়নি চীন। এমনকি একে তারা আগ্রাসন হিসেবেও আখ্যা দেয়নি। উল্টো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দেওয়া নিষেধাজ্ঞা নিন্দা জানিয়েছে এবং মস্কোকে উত্তেজিত করার জন্য পশ্চিমকে দায়ী করেছে।
সূত্র: সমকাল
এম ইউ/০৩ আগস্ট ২০২২









