মাইকোলাইভে রাশিয়ার হামলায় হোটেল-স্কুল ক্ষতিগ্রস্ত

কিয়েভ, ১৫ জুলাই – ইউক্রেনের মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় হোটেল ও বিস্ফোরণে স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের জরুরি সেবা বৃহস্পতিবারের হামলার একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে দেখা যায়, বিমান হামলার কারণে বন্দর নগরী মাইকোলাইভের একটি হোটেলের ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্স রাস্তার দৃশ্য এবং ফাইল ছবির সঙ্গে মিলে যাওয়া ভবন এবং চিহ্ন দ্বারা ভিডিওটির অবস্থান যাচাই করতে সক্ষম হয়েছে।
দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে গেছেন।
মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সিয়েনকেভিচ একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, স্থানীয় একটি বিদ্যালয় বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পশ্চিম-মধ্য ইউক্রেনের শহর ভিন্নিতসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন শিশুও রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে মস্কো। এখন দোনেৎস্কসহ ইউক্রেনের অন্য অঞ্চলেও চলছে তীব্র লড়াই।
সূত্র: সমকাল
এম ইউ/১৫ জুলাই ২০২২









