গোপালগঞ্জ

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও দুই মেয়রপ্রার্থী

গোপালগঞ্জ, ১১ জুন – গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে আরও দুই মেয়রপ্রার্থী সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে নির্বাচনে ১০ জন মেয়রপ্রার্থীর মধ্যে ৬ জন সরে দাঁড়ালেন। এখন চারজন মেয়রপ্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন।

শনিবার সরে দাঁড়ানো মেয়রপ্রার্থীরা হলেন, এস এম নজরুল ইসলাম (হেলমেট প্রতীক) ও আবুল ফত্তাহ্ সজু (রেল ইঞ্জিন প্রতীক)।

বিকালে শহরের মিয়াপাড়াস্থ্ নির্বাচনী কার্যলয়ে মেয়রপ্রার্থী এস এম নজরুল ইসলাম ও নিজ বাড়িতে আবুল ফত্তাহ্ সজু আলাদা সংবাদ সম্মেলন করে নৌকার মেয়রপ্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে মেয়রপ্রার্থী রকিব হোসেনকে সিদ্ধান্ত দেয়ায় ও তার সম্মান রক্ষার্থে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেয়রপ্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম। আমার সমর্থকদের শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসনে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

আবুল ফত্তাহ্ সজু বলেন, প্রধানমন্ত্রী শেখ শাহিসা ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের প্রতি শ্রদ্ধা রেখে এ নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেয়রপ্রার্থী রকিব হোসেনকে সমর্থন দিলাম।

এসব সংবাদ সম্মেলনে দুই মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে মেয়রপ্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি এম সাহাব উদ্দিন আজম, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু ও দিলীপ কুমার সাহা দীপু শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনে ১০ জন মেয়রপ্রার্থীর মধ্যে ৬ জন সড়ে দাঁড়ানোয় চারজন মেয়রপ্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ১১ জুন


Back to top button
🌐 Read in Your Language