দক্ষিণ এশিয়া

রাজস্থানে পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষ

জয়পুর, ০৪ মে – ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে ঈদ মোবারক খচিত পতাকা টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

সোমবার রাতে এ ঘটনার সূত্রপাত হয়। সংঘর্ষ হয়েছে মঙ্গলবার ঈদুল ফিতরের দিনও।

এদিকে পরিস্থিতি সামাল দিতে সংঘাতপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে পুলিশ। বন্ধ করা হয়েছে ইন্টারনেট।

খবরে বলা হয়, ওই এলাকায় উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব। অপরদিকে আজ ঈদ উদযাপন করছেন মুসলমানরা। এ দুই উৎসব ঘিরে ধর্মীয় পতাকা টাঙানো নিয়ে তর্কে জড়ায় দুই পক্ষ। পরে তা রূপ নেয় সংঘর্ষে।

সোমবার রাতে যোধপুরের জালোরি গেট এলাকায় সংঘর্ষ শুরুর পর কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। মঙ্গলবারও যোধপুরের নানা এলাকায় পাথর ছোড়া ও সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সংঘর্ষের স্থানগুলোতে এখনো উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, যোধপুরের উদয় মন্দির, নগরী গেট, খান্ডা ফালসা, প্রতাপ নগর, দেব নগর, সুর সাগর ও সরদারপুরা থানা এলাকায় আগামীকাল মধ্যরাত পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গুজব রুখতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। পুলিশের পাহারায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : সমকাল
এম এস, ০৪ মে


Back to top button
🌐 Read in Your Language