দনবাস অঞ্চলেও প্রতিরোধের মুখে রুশ সেনারা

কিয়েভ, ০১ মে – ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলেও রুশ সেনাবাহিনী প্রতিরোধের মুখে পড়েছে। শনিবার এ অঞ্চলের তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালালেও তা দখলে নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া।
ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ দৈনিক হালনাগাদ তথ্যে জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের লিমান ও সেভিরোদোনেৎস্ক এবং লুহানস্কের পোপাসনা এলাকা দখলে নিতে হামলা চালান রুশ সেনারা। তবে তাদের প্রতিহত করে দিয়েছেন ইউক্রেনের সেনারা। ওই এলাকায় এখনো দুই পক্ষের লড়াই চলছে।
আগে থেকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের ওপর রুশপন্থীদের নিয়ন্ত্রণ রয়েছে। অঞ্চল দুটিতে পৃথক দুটি প্রজাতন্ত্র গঠনের ঘোষণাও দিয়েছেন রুশপন্থীরা। তবে মস্কো ওই দুই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়। এ জন্য তারা হামলা অব্যাহত রেখেছে। আর ইউক্রেনের সেনারা তাদের প্রতিহত করছেন।
লুহানস্কের গভর্নর সারহি গাইদি সংবাদমাধ্যমকে বলেন, রাতভর পুরো অঞ্চলে গোলা ছুড়েছেন রুশ সেনারা। তবে তাঁদের লক্ষ্য পূরণ হয়নি। রুশ হামলার মুখে চরম সংকটে পড়েছেন স্থানীয় লোকজন। হামলার কারণে নিরাপদ জায়গায় তাঁদের সরে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে গত শুক্রবারের হামলায় লুহানস্কের রুবিজি ও পোপাসনায় দুটি বিদ্যালয় ও অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন সারহি।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রাতে ইউক্রেনের ৩৮৯টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন রুশ সেনারা। শুক্র ও শনিবার দক্ষিণ–পূর্বাঞ্চলের দনবাসে ও এর আশপাশেও একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে রাশিয়া।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০১ মে









