এশিয়া

জাপানে পর্যটকবাহী নৌকাডুবি, ২২ পর্যটক নিখোঁজ

টোকিও, ২৪ এপ্রিল – জাপানের হোক্কাইদো দ্বীপের উত্তরাঞ্চলে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন ২২ জন। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বিষয়টি জানা গেছে।

দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করে জানায়, সাহায্যের জন্য বার্তা দেয়ার পরই নৌকাটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর কর্তৃপক্ষ নৌকায় থাকা লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ওই নৌকায় ২৬ আরোহী ছিল। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজু ১ নামের ওই নৌকাটি শিরেটোকো উপদ্বীপের চারপাশে পর্যটকদের নিয়ে তিন ঘণ্টার ভ্রমণে বের হয়েছিল।

ওই নৌকার ২৬ আরোহীর মধ্যে দুই ক্রু ছিলেন। এছাড়া দুই শিশুও নিখোঁজ হয়েছে। তীব্র ঢেউয়ের কারণেই নৌকাটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই নৌকার আরোহীরা সবাই লাইফ জ্যাকেট পরা ছিলেন বলে জানা গেছে।

শিরেটোকো উপদ্বীপটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। সেখানে তিমি এবং বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন প্রাণি দেখার জন্য নৌকায় করে ঘুরে বেড়ান পর্যটকরা।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নিখোঁজ নৌকাটি উদ্ধারে টহল নৌকা, পুলিশ সদস্য এবং উদ্ধারকাজে সহায়তায় সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। এই উদ্ধারকাজে স্থানীয় মাছ ধরার নৌকাগুলোও সহযোগিতা করছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language